অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ঝিনাইদহ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এডাবের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এনামুল কবীর বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এডাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সিবুপদ বিশ্বাস ও প্রবীণ এনজিও ব্যক্তিত্ব শফিউল ইসলাম।
সভায় বক্তব্য দেন সোহেলী পারভীন, এডাব সচিবালয়ের সমাপিকা হালদার, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, নাজিম উদ্দিন জুলিয়াস, হাবিবুর রহমান, চন্দন কুমার বসু, রাশেদুল হক, আব্দুল হান্নান, খলিলুর রহমান, হাসান ইমরান, তোফাজ্জল হোসেন, মনজের আলী, মিলন কুমার, আবু সায়েম ও শলোকী খাতুন। স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পাশাপাশি আগের সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। গত এক বছরে সংগঠনের যেসব সদস্য ও তাদের স্বজন মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
দিনের শুরুতে সভায় অংশ নেওয়া সদস্যরা তামান্না পার্ক পরিদর্শন করেন। বিকেলে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের আমন্ত্রণে তারা ক্যাডেট কলেজও ঘুরে দেখেন।
পুরো আয়োজন পরিচালনা করেন এডাবের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. রেজাউল ইসলাম। সভায় সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতের সাংগঠনিক ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।