ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত ওই বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে পুতিনকে বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করতে শোনা যায়। খবর বিবিসির।বৈঠকের শুরুতে স্টিভ উইটকফ ইউক্রেনের সঙ্গে কিয়েভ ও মস্কোতে একে অপরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান।


রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার জন্য কিয়েভে যাওয়ার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। ইউক্রেনের রাজধানীতে এটিই তাদের প্রথম সফর হতে যাচ্ছে।এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার দুই দূত ‘যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব’ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করবেন। এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করানোর একাধিক প্রচেষ্টা নেওয়া হলেও তা সফল হয়নি।ক্রেমলিনে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেন, এ ধরনের যোগাযোগ সবসময় গুরুত্বপূর্ণ ও উপকারী। একই সঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন।

পুতিন আরও বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে যথেষ্ট আস্থার সম্পর্কও তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাকে ‘গঠনমূলক’ ও ‘অত্যন্ত খোলামেলা’ হিসেবে বর্ণনা করেন।তিনি জানান, বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নিয়েই আলোচনা হয়নি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এবং সম্ভাব্য বড় ধরনের যৌথ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।উশাকভ আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতির বিষয়টিও আলোচনায় এসেছে। একই সঙ্গে ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়েছে।