সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাবের (বিএলসি) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দমেলা, নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার আজমানের উম্ম আল মুমিনিন অ্যাসোসিয়েশনের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট লাবন্য আদিল। প্রধান অতিথি ছিলেন সমাজসেবিকা ও শিক্ষানুরাগী বাইজুন নাহার চৌধুরী সিআইপি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার নারী এবং এক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ায় শিক্ষার্থী শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া জুলি জাফর চৌধুরী, নারী উদ্যোক্তা মীনা কবীর, মমতাজ আইয়ুব ও নাজমান নাহার বুবলীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। এতে প্রায় ৩০ জন নবীন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তা দেশীয় খাবার, পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে অংশ নেন। প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে প্রবাসে বাংলাদেশি নারীদের উদ্যোগ ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন আক্তার সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন, সেক্রেটারি জেনারেল নাসরিন আক্তার ও শেফালী আক্তি আঁখি সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিরা।
শেষপর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।