পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর করেন। একপর্যায়ে ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা মিগ-২৩ যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর উঠে প্রতিবাদ জানাতেও দেখা যায় তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি আবাসিক হলের ওয়ার্ডেনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।অভিযোগ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফাগওয়ারার জলন্ধর জাতীয় মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের জানালার কাচ ও কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ একটি দলও গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।