রংপুর নগরীর মাহুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির পৃথক ভূমিকার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার করা আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছেন তিনি।
তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর ভাষ্য অনুযায়ী, পরিবারের কর্তা গণপতি চক্রবর্তীকে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস দুজন মিলে হত্যা করেন। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন মুগ্ধ দাস। কলেজপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ দাস। আর ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করেন দুই আসামি মিলে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, মূলত অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। গত ১২ অক্টোবর তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, আসামিরা জানতে পেরেছিলেন অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। একই সঙ্গে বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার থাকার ধারণাও ছিল তাদের। এই সম্পদ হাতিয়ে নিতে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে তারা পরিবারের সদস্যদের একে একে হত্যা করেন বলে পুলিশের দাবি।
মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এলাকার শান্ত দাস, সীমান্ত দাস, দুলাল শর্মা এবং কেন্দ্রীয় মহাশ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন ৫৬ জন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাহুয়াপাড়ার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। শুরুতে কোতোয়ালি থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।




