যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই ইরানের বিরুদ্ধে এখনো সর্বাত্মক সামরিক অভিযান চালানো হচ্ছে না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কেন ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলা চালানো হচ্ছে না। জবাবে তিনি বলেন, আসন্ন নির্বাচন এর অন্যতম কারণ হতে পারে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই কিংবা তার আগেও ইরান-সংক্রান্ত যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।

ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দেশটির অধিকাংশ সামরিক সক্ষমতা ধ্বংস করা হলেও তাদের হাতে কিছু ক্ষেপণাস্ত্র এখনো রয়েছে।ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষ্য, একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন।

ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক অস্ত্র থাকলে তেহরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালাতে পারত। তাঁর মতে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তাদের সঙ্গে আলোচনার ধরনও সম্পূর্ণ ভিন্ন হতে হতো।