ইয়েমেনের হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, হামলায় বিমানবন্দর দুটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
হামলার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিমানবন্দরে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সরকারি বিবৃতিতে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে এর আগে হুথিরা জাজান ও নাজরানসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল।
হুথিদের পক্ষ থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করা হয়েছে।
সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে। দেশটির দাবি, এ ধরনের হামলা আঞ্চলিক সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।




