ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনর্দখলে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।পরিকল্পনা অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন অভিযানে স্থলযুদ্ধে অংশ নিতে পারে রিয়াদের সমর্থিত ইয়েমেনি বাহিনী। তাদের সহায়তায় সৌদি বিমানবাহিনী হামলা চালাতে পারে। পরিকল্পনার সঙ্গে যুক্ত ছয়জন ব্যক্তি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই অভিযান শুরু হতে পারে।
গত মাসে লোহিত সাগরের উপকূল ধরে অগ্রসর হয়ে বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ হারানোকে সৌদি আরবের জন্য কৌশলগত উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।সৌদি নেতৃত্ব সম্ভাব্য অভিযানের জন্য দুটি বিকল্প বিবেচনা করছে বলে উপসাগরীয় ও ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন। একটি হলো বাব আল-মানদেব ও আশপাশের উপকূলীয় এলাকায় সীমিত অভিযান। অন্যটি হলো আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে বড় ধরনের সামরিক অভিযান।
অভিযানের পরিধি বড় হলে এক লাখের বেশি ইয়েমেনি সেনাকে এতে যুক্ত করা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বাব আল-মানদেব লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে হরমুজ প্রণালির কার্যক্রম ব্যাহত হওয়ায় চলতি বছরে বাব আল-মানদেবের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মনে করছে বাব আল-মানদেব হুথিদের নিয়ন্ত্রণে থাকলে তাদের সঙ্গে শান্তি আলোচনার পথ আরও কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে প্রণালিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে সম্ভাব্য অভিযানের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।এক পশ্চিমা কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। তবে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তুরস্ক ও পাকিস্তানও সৌদি আরবকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযান শুরু হলে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোও রিয়াদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহযোগিতা চাইছে সৌদি আরব।
বাব আল-মানদেব পুনর্দখলে বড় অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনর্দখলে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত
প্রিয় বাংলাদেশবিশ্ব


