২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৩০০-এর বেশি শিক্ষক ও শিক্ষা কর্মী। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সামরিক অভিযানে গাজা ও পশ্চিম তীরের শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৭০-এর বেশি শিক্ষক এখনো ইসরায়েলি হেফাজতে আটক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা, আল-মুগাইয়ির, জর্ডান উপত্যকা এবং ‘এরিয়া সি’ এলাকায় চেকপোস্টে নিয়মিত হয়রানি ও চলাচলে বিধিনিষেধের কারণে শিক্ষকদের দুর্ভোগ বেড়েছে।

এদিকে করের অর্থ আটকে রাখার কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের পূর্ণ বেতন দিতে পারছে না। ফলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আটক শিক্ষকদের মুক্তি এবং বকেয়া অর্থ ছাড়ের জন্য আন্তর্জাতিক শিক্ষক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।