হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকসহ ১২ জন আহত হয়েছেন। ওমানের উপকূলের কাছাকাছি এলাকায় ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত নাবিকদের ওমানের খাসাব শহরে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধারে সহযোগিতা করায় ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত। একই সঙ্গে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌ চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।




