ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। দুর্ঘটনার পর ভবনের ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর একাধিক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। সেখানে তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভবনটির ধ্বংসাবশেষ ঘিরে স্থানীয়দের ভিড় রয়েছে। কেউ কেউ উদ্ধারকাজে সহায়তার জন্য হাত দিয়ে কংক্রিট ও পাথরের অংশ সরানোর চেষ্টা করছেন।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে নেয় দিল্লি ট্রাফিক পুলিশ। উদ্ধারকারী গাড়ি ও অ্যাম্বুলেন্সের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়দের ঘটনাস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

এক্সে দেওয়া এক বার্তায় ট্রাফিক পুলিশ জানায়, সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং আশপাশের এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে। উদ্ধারকারী যান যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সেখানে গাড়ি থামানো বা পার্কিং না করার অনুরোধ জানানো হয়।

ঘটনার পর দুর্ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এর পর আবারও ভবন ধসের ঘটনায় রাজধানীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।