শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে নেতৃত্বের দায়িত্বে পরিবর্তন এসেছে। দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসকে বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার জায়গায় মেন্ডিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) শ্রীলঙ্কা ক্রিকেটের সদর দপ্তরে নির্বাচক কমিটির বৈঠকে নতুন অধিনায়ক নির্বাচন করা হয়।টেস্ট ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কুশল মেন্ডিসের। এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৭৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৩৬ দশমিক ৩৬ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৮৩৬ রান। তার টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি।
যদিও টেস্টে এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই মেন্ডিসের। তবে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডেতে ২২টি এবং টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই ব্যাটার।বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলঙ্কা দল। সফরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটি।এরপর ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচের পর শুরু হবে দুই দলের টেস্ট লড়াই।৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ১৭ নভেম্বর লাহোরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।নতুন অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে টেস্ট ক্রিকেটে নেতৃত্বের সঙ্গে নিজের ব্যাটিং পারফরম্যান্সের ভারসাম্য ধরে রাখা।




