মাঠে নেমে মাত্র ছয় মিনিট। তাতেই বাজিমাত করলেন কার্লোস এসপি। সেল্টা ভিগোর বিপক্ষে ৮৫ মিনিটে তার করা গোলেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড জানালেন, বার্নাব্যুতে পাওয়া গোলটি তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
চলতি লা লিগা মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪৪ মিনিট মাঠে থেকেও তিনটি গোল করেছেন এসপি। এস্পানিওল ও এলচের পর এবার সেল্টার বিপক্ষেও বদলি হিসেবে নেমে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি।
শনিবারের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির আগে গোল হজম করা দলটির হয়ে পরে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। এরপর বদলি হিসেবে মাঠে নেমে ছয় মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন এসপি।
বার্নাব্যুর দর্শকদের সামনে নিজের প্রথম গোলের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এই গোলটিই তার কাছে সবচেয়ে বিশেষ। সমর্থকদের সামনে গোল করা, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং গ্যালারি থেকে নিজের নাম শুনতে পাওয়ার স্বপ্ন বহুবার দেখেছেন। দিনটি কখনো ভুলবেন না বলেও জানান তিনি।
এর আগে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয়ের ম্যাচেও গোল করেছিলেন এসপি। সেল্টার বিপক্ষে জয়ের পর টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও তার কাছে ছিল বিশেষ। রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে নির্বাচিত নাদাল তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন বলে জানান এই তরুণ ফরোয়ার্ড।
অন্যদিকে, দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কোচ মরিনিও। আন্তর্জাতিক বিরতি শেষে খেলোয়াড়দের মাঠে ফেরার ধকলের কারণে ম্যাচ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, একই সময়ে ইউরোপের বেশ কয়েকটি বড় দলও প্রত্যাশিত জয় পায়নি।
চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ভিনিসিয়ুস জুনিয়র এদিন ৫৭ মিনিট পর্যন্ত বেঞ্চে ছিলেন। তবে মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন মরিনিও।




