আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশের জেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। জোহানেসবার্গ টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
বুধবার আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন হৃদয়। তার আপত্তি ছিল, প্রতিকূল আলোক পরিস্থিতিতে আরও আগেই খেলা বন্ধ করা প্রয়োজন ছিল। এ সময় আম্পায়ারদের প্রতি তার আচরণকে আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করেছে আইসিসি।
এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন বাংলাদেশের এই ব্যাটার। এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ। নিজের দায় স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হৃদয়। ফলে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামী ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।




