ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত কেলেঙ্কারি ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে আবারও মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ ড্যারেন লেম্যান। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় দলের ভেতরে কারা জড়িত ছিলেন, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সাবেক ওপেনার ক্যামেরন বেনক্রফটের বক্তব্যের পর। তবে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বলে জানিয়েছেন লেম্যান।
সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে বেনক্রফট দাবি করেন, বল বিকৃতির বিষয়টি শুধু মাঠে থাকা কয়েকজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তার অভিযোগ, তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে আলোচনায় লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারও উপস্থিত ছিলেন।
বেনক্রফটের আরও অভিযোগ, টেলিভিশন ক্যামেরায় তার হাতে স্যান্ডপেপার ধরা পড়ার পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছিলেন লেম্যান। ওয়াকিটকিতে পিটার হ্যান্ডসকমকে সেটি সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
তবে বেনক্রফটের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাবেক অস্ট্রেলীয় কোচ। বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে লেম্যান বলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তার জানা ছিল না। তবে দলের প্রধান হিসেবে খেলোয়াড়দের আচরণ ও সামগ্রিক পরিবেশের দায় এড়াতে চান না তিনি। ওই ঘটনার জন্য অনুশোচনাও প্রকাশ করেন।
লেম্যানের মতে, জয়ের নেশায় অস্ট্রেলিয়া দল এমন এক মানসিকতায় পৌঁছেছিল, যেখানে সাফল্য অর্জনের চেষ্টায় নৈতিক সীমারেখা অতিক্রম করা হয়েছিল। বলের রিভার্স সুইং বাড়ানোর প্রচেষ্টাই শেষ পর্যন্ত দলকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ক্যামেরন বেনক্রফট, অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে শাস্তির মুখে পড়তে হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিষিদ্ধ করে। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পর কোচের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান লেম্যান।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই বিতর্কের অবসান হয়নি। নতুন অভিযোগে পুরোনো ঘটনা আবার সামনে আসায় অস্ট্রেলীয় ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।