শারদীয় দুর্গাপূজার বার্তা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সব মানুষের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল শিক্ষা।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগায় এবং সামাজিক বিভেদ দূর করতে সহায়তা করে। দুর্গাপূজার সর্বজনীন আবেদন অন্য ধর্মের মানুষের মধ্যেও আনন্দ ও সম্প্রীতির অনুভূতি সৃষ্টি করে।
বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে একে অন্যের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে আসছে। এই ঐতিহ্য নষ্ট করতে কেউ ষড়যন্ত্র করলে ধর্মপ্রাণ মানুষ তা সফল হতে দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে রিজভী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের ব্যবস্থা করতে হবে।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপ ও মন্দিরের জন্য চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ বাস্তবায়নের কাজও চলছে বলে জানান বিএনপির এই নেতা।