ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না থাকা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) রাতে ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে শাওন ও শাহিন মিয়ার অভিযোগ, গত ৬ ও ৭ অক্টোবর পাইসকা এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে স্থানীয় কয়েকজনের নাম না থাকাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। তাদের দাবি, রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজী কমিটিতে স্থান না পেয়ে ক্ষুব্ধ হন। এ ছাড়া রিপন মিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলায় অভিযুক্তদের সঙ্গে তার আগে থেকেই বিরোধ ছিল বলে দাবি পরিবারের।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় রিপন মিয়ার সঙ্গে রিফাত কাজী ও তার অনুসারীদের কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় রিপন গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, রিপন মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।