কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে ধর্মীয় উৎসবের মেলবন্ধন ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলায়। ২৫ কেজি পাকা ধানের শিষ দিয়ে সাজানো ছয়টি দুর্গাপ্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। ছয় মাসের প্রস্তুতি ও নিপুণ শিল্পকর্মে তৈরি ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে ত্রিনয়নী যুব সংঘের উদ্যোগে প্রতিমাগুলো তৈরি করা হয়েছে। প্রথমে মাটির কাঠামো গড়ে তোলা হয়। পরে কয়েক ধাপে প্রতিমার শরীরের বিভিন্ন অংশে বসানো হয় পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ভিন্নধর্মী রূপ।
প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তার দল। তাদের সঙ্গে সংগঠনের সদস্যরাও কাজ করেছেন। আয়োজকদের ভাষ্য, কৃষকের শ্রমে উৎপাদিত ফসলের প্রতি সম্মান জানানো এবং বাংলার কৃষি ও গ্রামীণ সংস্কৃতিকে উৎসবের মাধ্যমে তুলে ধরাই এ উদ্যোগের উদ্দেশ্য। সারাদেশে প্রথমবারের মতো ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে বলেও দাবি তাদের।
কুমিল্লা কোর্টের আইনজীবী তাপস চন্দ্র সরকার বলেন, ধানের শিষে তৈরি প্রতিমাগুলো দর্শনার্থীদের মধ্যে অভাবনীয় সাড়া ফেলেছে। পূজা উপলক্ষে অনেকে প্রতিমাগুলো দেখতে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু বলেন, সাধারণত খড় ও মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়। সেখানে ধানের শিষ দিয়ে সাজানোর উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। ধর্মের ভেদাভেদ ভুলে বিভিন্ন এলাকার মানুষ প্রতিমা দেখতে আসছেন।
এদিকে কুমিল্লা জেলার ১৮ উপজেলায় এবার ৮৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা মহানগরে রয়েছে ১৩১টি মণ্ডপ। গত বছরের তুলনায় এবার জেলায় ৪২টি মণ্ডপ বেড়েছে। উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।