জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীর তীর রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা গ্রামে নদীতীরবর্তী প্রায় সাত বিঘা জমিতে ছয় দিনব্যাপী এ সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গত ১৪ অক্টোবর শুরু হওয়া কর্মসূচি সোমবার (১৯ অক্টোবর) শেষ হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সার্বিক নির্দেশনায় এবং ধুলিহর ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থা টেরে ডেস হোমসের (টিডিএইচ) সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নাধীন ‘স্পিরিট-কল’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ৫৪ জন শিশু ও যুব প্রতিনিধি অংশ নেন।
আয়োজকেরা জানান, নদীতীরের পরিবেশের উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কদবেল, তেঁতুল, গোলপাতা, খইবাবলা, বাবলা, কাঁকড়া, বাইন, পবন ঝাউ ও কেওড়া। চারাগুলো সুরক্ষায় বাঁশের বেড়া, খুঁটি ও জালের ঘের দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। নদীতীরে সবুজায়ন নদীর পাড় রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, শিশুদের জীবনদক্ষতাবিষয়ক প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানো এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা চারার দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের সমন্বয়ে যৌথ রক্ষণাবেক্ষণ পরিকল্পনাও নেওয়া হয়েছে।