মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারা কথায় নয়, কাজে বিশ্বাসী। অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল জানান, গত দুই বছর ধরে তারা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এটি তৃতীয় বছরের আয়োজন। কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর, নাজিরপুর ও লেঙ্গুরাসহ বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প চলছে।
তিনি বলেন, গত বছর কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এবারও যাদের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। পরে নিজস্ব তত্ত্বাবধানে রোগীদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানো হবে। দুই থেকে তিন দিন সেখানে রাখার পর তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সব ব্যয় বিনামূল্যে বহন করা হবে বলে জানান তিনি।
ডেপুটি স্পিকার বলেন, চিকিৎসা নিতে আসা মানুষদের শুধু দরিদ্র নয়, বরং অসহায় ও বিভিন্নভাবে বঞ্চিত হিসেবে দেখতে হবে। রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদেরও দায়িত্ব।
চক্ষু শিবির আয়োজনের সঙ্গে যুক্ত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষ তাকে নির্বাচিত করেছেন। তাই জনগণের পাশে থাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পূরণে কাজ করে যেতে চান।