ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ ও ধাপ নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সোমবারের সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কত ধাপে এবং কোন কোন সময়ে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করে জানানো হবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করবে না কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার তফসিল ঘোষণা করবেন।
প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ৬ জুনের মধ্যে ভোট শেষ করার বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় ঐকমত্য হয়েছে। পরীক্ষার কারণে নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন না করার পরামর্শ দেওয়ায় আগের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন এসেছে। এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু করতে চায় কমিশন।
ইসির আজ সোমবার সভায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন, ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি, জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিভিন্ন বিষয় আলোচ্যসূচিতে রয়েছে।
২০২৪ সাল থেকে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবে কমিশন।