দেশজুড়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বড় ধরনের সংকটে পড়েছে গ্রামীণ ব্যাংক। বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখা। এতে বিপাকে পড়েছেন ঋণ ও অন্যান্য ব্যাংকিং সেবার ওপর নির্ভরশীল গ্রামীণ এলাকার অসংখ্য গ্রাহক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শাখাগুলোতে হামলা ও ভাঙচুরের কারণে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকটির ঋণ বিতরণ ও গ্রাহকসেবায়। বিশেষ করে চলমান বোরো মৌসুমে কৃষিঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রামীণ এলাকার সদস্যরা। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে চাইলেও সেবা পাচ্ছেন না অনেক গ্রাহক।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের বিস্তৃতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত তাদের কার্যক্রম। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, শাখার কার্যক্রম বন্ধ থাকায় শুধু ব্যাংকিং সেবাই নয়, গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে। কৃষিঋণ ও পশুপালন খাতে অর্থায়ন ব্যাহত হলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
এ পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।