গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং রাষ্ট্রের সঙ্গে সংবাদমাধ্যমের কার্যকর যোগাযোগ জোরদারের বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছেন সম্পাদক পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের প্রতিনিধিরা।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্পাদক পরিষদের সদস্যরা। তারা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি জনস্বার্থে সাংবাদিকতার পরিবেশ আরও কার্যকর করতে রাষ্ট্র ও সরকারের সঙ্গে গণমাধ্যমের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তারা। গণমাধ্যম যাতে স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতাও কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।




