বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে দুই দিনব্যাপী এ সম্মেলনে কোরের আধুনিকায়ন, সরবরাহব্যবস্থার সক্ষমতা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গত ২৫ ও ২৬ নভেম্বর আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।
সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। বৈশ্বিক সরবরাহব্যবস্থার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন সেনাপ্রধান। পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা উন্নয়নের নির্দেশনা দেন। আধুনিক ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে কর্মকর্তাদের দক্ষতা অর্জনেরও আহ্বান জানান তিনি।
সম্মেলনকে কেন্দ্র করে জাহানাবাদে তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগের সূচনা করা হয়। সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ ও মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন। এ ছাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, নতুন হাসপাতালটি সাধারণ মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে ভূমিকা রাখবে। মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ চালক তৈরির পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, চেয়ারম্যান সেনাকল্যাণ সংস্থা, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।