জাতীয় সংসদকে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে যোগ্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার মতে, প্রকৃত অর্থে যোগ্য ও পেশাদার মানুষের রাজনীতিতে আসার আগ্রহ কম।
জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে তরুণ প্রজন্ম, মেধাবী পেশাজীবী ও সমাজের সচেতন নাগরিকদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম, দুঃখজনকভাবে তাদের অনেকেই রাজনীতিতে আসতে চান না। দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে যোগ্য নাগরিকদের জনপ্রতিনিধিত্বমূলক রাজনীতিতে অংশ নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুলশানের একটি হোটেলে ‘হাউ ক্যান দ্য ন্যাশনাল পার্লামেন্ট বি মোর ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে বলেন, বিভিন্ন সময়ে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংসদকে কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা জরুরি।
তিনি বলেন, জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে আরও দক্ষ, স্বাধীন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সংবিধানের ৭৬, ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে সংসদের কার্যক্রম, সংসদীয় কমিটির ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে উদ্যোগ নিতে হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরেন কায়সার কামাল। তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে গভীরভাবে আলোচনা করা দরকার।
বর্তমান সংসদের পরিবেশ তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার জন্য এখানে ইতিবাচক পরিবেশ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংসদকে সত্যিকার অর্থে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার এখনই উপযুক্ত সময়।




