শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, বরং দেশের ভবিষ্যৎ মানবসম্পদ তৈরির বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার উপযোগী করে তুলতে চায় সরকার।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৃহস্পতিবার রাতে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক এবং দক্ষ জনশক্তি তৈরি করা। এমন নাগরিক গড়ে তুলতে হবে, যারা পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করাই শিক্ষার অন্যতম লক্ষ্য।
সরকারের শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও শিক্ষার উন্নয়ন নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজের অভিজ্ঞতার আলোকে সাধারণ ও শ্রমজীবী মানুষের জীবনমান পরিবর্তনে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাক্রমে পরিবর্তনের বিষয়ে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত করা হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় বাড়ানো, পাঠ্যক্রমকে কর্মমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতিতে নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ চলছে।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু এবং প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা বাজেট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম বছরেই এ খাতে বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, বড় অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।
গণমাধ্যমকে জাতির দর্পণ উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, সংগঠনের সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




