আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আগামী ২ থেকে ৯ ডিসেম্বর বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তার জন্য ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের স্কুলশিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের মেধা বিকাশে এ সহায়তা বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ উপস্থিত ছিলেন।