মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য দুই আসামির একজনকে সাত বছর এবং অপরজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সাবানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন নাসির মিয়া, গিয়াস মিয়া, বিল্লাল মিয়া ও দুলাল মিয়া। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জয়নাল আবেদীনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তার আরও ১৫ দিনের কারাদণ্ড হবে। জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
এ ছাড়া অর্থদণ্ড থেকে আদায় করা অর্থ এজাহারকারীর পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আব্দুল মতিন চৌধুরী জানান, বাড়ির পাশ দিয়ে পানি নিষ্কাশন ও ড্রেন নিয়ে বিরোধের একপর্যায়ে সাবানা বেগমকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।



