লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বুড়িমারী থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।