আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে দলটির সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সরকার কোনো পক্ষের মতো আচরণ করবে না। প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করা হবে।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণহত্যার মতো ঘটনার পরও দলটির মধ্যে অনুশোচনার লক্ষণ দেখা যায়নি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তার দাবি, ওই সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে অংশ নিতে গিয়ে বিএনপির সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রী আরও দাবি করেন, ওই সময়ে ৭০০-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাদের অনেকে এখনো নিখোঁজ। রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে গিয়ে লাখ লাখ নেতাকর্মী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
দেশের গণতান্ত্রিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে আসাদুজ্জামান বলেন, জেন-জি নিজেদের ত্যাগ ও স্বজন হারানোর বেদনা ভুলে যায়নি। তাদের সঙ্গে নিয়েই গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




