কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে ধ্বংস করেছে।
রবিবার (২২ নভেম্বর) রাতে এসআরবি-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি একটি ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় পুরোনো একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর কর্মকর্তা জানান, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আদালতের কাছে বিস্ফোরকগুলো ধ্বংসের অনুমতি চাওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এর নির্দেশনায় ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ দল শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।