সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী সরকারি মৎস্যচাষ প্রকল্পে সরকারি সম্পদ সরিয়ে নেওয়া ও অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানার বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি স্বপদে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, নিমগাছী সরকারি মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি খুঁটি ও তিন বান্ডিল কাঁটাতার নিজ বাড়িতে নেওয়ার প্রচেষ্টাকালে জনতার হাতে আটক, প্রকল্পের গাছ বিক্রি এবং হ্যাচারিতে উৎপাদিত মাছের রেণু গোপনে বিক্রির অভিযোগ ওঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানার বিরুদ্ধে। এসব অভিযোগ নিয়ে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
গত ২৬ অক্টোবর তদন্ত কমিটি প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি বিভাগীয় পরিচালকের কাছে জমা দেওয়া হয়।
অভিযুক্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দাপ্তরিক নির্দেশনা না পাওয়ায় আমি এখানেই দায়িত্ব পালন করছি।
তদন্ত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, আমরা সঠিকভাবে তদন্ত করেছি। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি পরিচালকের কাছে পাঠিয়েছি।
রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং তা মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।




