শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। নিরাপত্তার কারণে মামলার আরেক আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত হবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।
ইনু ছাড়া আদালতে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, শামসুল হক টুকু, ড. আব্দুর রাজ্জাক ও আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এর আগে গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত থাকলেও সাবেক আইজিপি শহীদুল হকের অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ হিসেবে ১২ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলার অন্য আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। তাঁদের ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবেদন জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ জনকে পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ২৭ জুলাই ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


