২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুনানি হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন সূত্র জানায়, এর আগে গত ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থ থাকায় সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। ফলে শুনানির জন্য নতুন তারিখ হিসেবে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়।
এ মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ কর্মকর্তা জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
শেখ হাসিনাসহ বাকি আসামিদের অধিকাংশই পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদের নামও রয়েছে তালিকায়।
পলাতক আসামিদের তালিকায় সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক মোখলেছুর রহমান এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারাও রয়েছেন। তাঁদের মধ্যে মনিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান ও বিএম ফরমান আলীর নাম উল্লেখযোগ্য।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের নির্ধারিত ঠিকানায় খুঁজে না পেয়ে প্রতিবেদন জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করা হয়। একই সঙ্গে তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
গত ২৭ জুলাই ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে।