দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে পুরোনো অনুসন্ধান ও মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির পথ বের করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। পাশাপাশি জব্দ ও অবরুদ্ধ সম্পদের ব্যবস্থাপনায় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটির নেতৃত্বে রয়েছেন কমিশনের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিক। সদস্যসচিব করা হয়েছে পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলমকে।
কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন।
সম্প্রতি পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে কমিটি গঠন করা হয়। পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনাকারী দলকে ১০ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির দায়িত্ব হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অনুসন্ধান ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখা। কোন পর্যায়ে কার্যক্রম স্থবির রয়েছে, মামলা নিষ্পত্তিতে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং সেগুলো দূর করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা চিহ্নিত করবে তারা।
এদিকে বিভিন্ন মামলায় আদালতের নির্দেশে ক্রোক করা এবং অবরুদ্ধ সম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতেও নতুন পরিকল্পনা করছে কমিশন। এ জন্য বর্তমানে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শাখাকে পূর্ণাঙ্গ অনুবিভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে। তাকেও ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে। কোথায় কী কারণে কার্যক্রম আটকে আছে, তা চিহ্নিত করে দ্রুত অগ্রগতির জন্য প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।
কমিশনের এ উদ্যোগের মাধ্যমে পুরোনো মামলার জট কমানোর পাশাপাশি ক্রোক ও অবরুদ্ধ সম্পদের ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।