চেক ডিজঅনার মামলার অর্থের পরিমাণ অনুযায়ী বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর এর বেশি অঙ্কের মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
আইনজীবী জানান, গত ১০ এপ্রিল সংশোধিত আইনে চেকের অর্থের পরিমাণের ভিত্তিতে আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়েছিল। তবে সংশোধিত বিধান অনুযায়ী মামলার বিচার কার্যকর না হওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়।
এ নিয়ে জয়পুরহাটের ১ লাখ ৮৬ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলার সূত্র ধরে হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৮ অক্টোবর আবেদনটি দাখিল করা হয়েছিল। মামলাটি তখন যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে সংশোধিত আইনের বিধান কার্যকরের বিষয়টি স্পষ্ট করেন।
রায়ে বলা হয়েছে, ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের সংশোধনী অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচারিক ক্ষমতা থাকবে যুগ্ম জেলা জজ আদালতের।
এর ফলে যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন পাঁচ লাখ টাকা বা তার কম অঙ্কের চেক ডিজঅনার মামলাগুলোর বিচার করার এখতিয়ার ওই আদালতের আর থাকছে না। সংশোধিত আইনের বিধান অনুযায়ী এসব মামলার বিচার করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে।