ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে বিষয়টি শুনানির জন্য ওঠে। তবে আসামিপক্ষের আইনজীবীর সময় চাওয়ার আবেদনে শুনানি পিছিয়ে দেওয়া হয়।
মাসুদ উদ্দিনের আইনজীবী লিটন আহমেদ আদালতকে জানান, তাকে সিএমএইচে স্থানান্তরের বিষয়ে আবেদন করা হয়েছে। এ নিয়ে শুনানির প্রস্তুতি থাকলেও আইনজীবী দলের একজন সদস্য হাসপাতালে থাকায় তাঁরা সময় চেয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি না থাকায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন মাসুদ উদ্দিন। একই মামলায় কারাগারে আছেন মেজর (অব.) মোজাফফর হোসেনও। আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের দাবি, ফেনীতে হত্যাকাণ্ডের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফফরের। তদন্তে ওই ঘটনায় দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
এর আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকা মোজাফফরকে বর্তমান মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে প্রসিকিউশন। গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। তিনি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এবং এক-এগারোর সময়কার আলোচিত ব্যক্তিদের একজন।


