ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৩-এর মেজর নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন এসআরবি ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
আদালতের রায়ে আলামিনকে এক মাস এবং হেলালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মোয়াজ্জেমকে সাত দিন, ইমনকে ১৫ দিন, সাদ্দামকে তিন দিন, শহিদুল মোল্লাকে সাত দিন এবং সিফাতকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে মাহামুদুল ও আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে পাঁচ হাজার টাকা করে, শাকিলকে তিন হাজার টাকা এবং নূরনবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।