সাত বছরের রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে হাইকোর্টে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করবেন উচ্চ আদালত। সেই রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।
তিনি দুই আসামির সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানিয়েছেন। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সকাল সাড়ে ১০টার পর রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে সোমবার দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়ে শুনানি শেষ হয়।
মিরপুরের পল্লবীতে গত ১৯ মে নিজ বাসায় ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা করেন। মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে গ্রেপ্তারের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।
নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। সেই সঙ্গে আসামিদের করা আপিলের নিষ্পত্তিও হবে আজকের রায়ে। ফলে রামিসার পরিবারের পাশাপাশি মামলাটির পরবর্তী আইনি পরিণতির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।



