দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তিনি বলেছেন, যারা আইনের বাইরে গিয়ে অপকর্মে জড়াবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে সংগঠনটির শত শত আইনজীবী অংশ নেন।
ব্যারিস্টার বাদল বলেন, দেশে কোনো ধরনের অপকর্মের সুযোগ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীরা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক রয়েছেন। বিগত ১৭ বছর আইনজীবীরা রাজপথে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে তারা কঠোর অবস্থান বজায় রাখবেন।
আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা দেশজুড়ে সজাগ থাকবেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।