পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সরকারি অর্থ বিনিয়োগে অনিয়মের মাধ্যমে প্রায় ২৪ কোটি ৭১ লাখ টাকা ক্ষতির অভিযোগে সংস্থাটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
কমিশনের অনুসন্ধানে দুটি পৃথক ঘটনায় সরকারি অর্থের বড় অঙ্কের ক্ষতির তথ্য উঠে এসেছে। এর মধ্যে একটি ঘটনায় ক্ষতির পরিমাণ ১ কোটি ১ লাখ ৪১ হাজার ১২০ টাকা। অন্য ঘটনায় ক্ষতির পরিমাণ ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকা।
প্রথম মামলায় আসামি করা হয়েছে পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক মো. আক্তার হোসেনকে।
অন্য মামলায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক শহীদুল হক খান এবং সংস্থাটির বর্তমান উপপরিচালক রুবী খানমকে আসামি করা হয়েছে।
দুদকের অভিযোগ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত উপেক্ষা করে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগ করা হয়েছিল। এ ক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজেদের বা অন্যদের আর্থিক সুবিধা দেওয়ার অসৎ উদ্দেশ্য ছিল বলে অনুসন্ধানে প্রাথমিকভাবে উঠে এসেছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারকে দলনেতা এবং উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমানকে সদস্য করে গঠিত অনুসন্ধান দল অভিযোগ দুটি তদন্ত করে।



