ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সম্পদের হিসাব পর্যালোচনা করে বিপুল পরিমাণ সম্পদের সঙ্গে বৈধ আয়ের অসংগতি পেয়েছে সংস্থাটি।
রবিবার (১৫ নভেম্বর) দুদক সূত্রে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য জানা গেছে। কমিশনের অনুসন্ধানে সাবেক হুইপের নামে ১০ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৭৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ২৩ টাকা এবং অস্থাবর সম্পদ ৪ কোটি ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা।
তার নামে সোনালী ব্যাংকের শেরপুর শাখায় নেওয়া ব্যক্তিগত ঋণের বিপরীতে অবশিষ্ট ২ লাখ ১৮ হাজার ৯৮৮ টাকা সমন্বয় করে নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। অন্যদিকে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৩ লাখ ৭৭ হাজার ২৬৮ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, পারিবারিক ও অন্যান্য খাতে ৩ কোটি ৫৯ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা ব্যয়ের পর তার নিট আয় বা সঞ্চয় থাকার কথা ২ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৮২৪ টাকা। কিন্তু সম্পদের প্রকৃত হিসাবের সঙ্গে বৈধ আয় ও সঞ্চয়ের তুলনা করে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পেয়েছে কমিশন।
এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আতিউর রহমান আতিকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
অন্যদিকে তার স্ত্রী শান্তনা বেগমের সম্পদের হিসাবেও উল্লেখযোগ্য অসংগতি পেয়েছে দুদক। অনুসন্ধানে তার নামে ১ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ১৯৭ টাকার সম্পদের তথ্য মিলেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ২৮ লাখ ৯৬ হাজার ১৯৭ টাকা।
শান্তনা বেগমের বৈধ আয়ের উৎস হিসেবে ১ কোটি ২ লাখ ১৯ হাজার ৫৮৯ টাকা পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য খাতে ২৪ লাখ ২০ হাজার ২৭২ টাকা ব্যয় বাদ দেওয়ার পর তার নিট সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৭৭ লাখ ৯৯ হাজার ৩১৭ টাকা।
এই হিসাবের সঙ্গে প্রকৃত সম্পদের তুলনা করে তার নামে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ পেয়েছে দুদক। এ কারণে তার বিরুদ্ধেও একই আইনের ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সাবেক হুইপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের মোট অঙ্ক দাঁড়িয়েছে ৯ কোটি ১১ লাখ ২৪ হাজার ৮৩২ টাকা। এসব সম্পদের বৈধ উৎস ও অর্জনের বিষয়ে আইনি প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর নিষ্পত্তি হবে।



