ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।
তিনি বলেন, দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে কাজ চলছে।
দুদক সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলার মধ্যে একটিতে শেখ হাসিনাকে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এদিকে দেশে ফেরার উদ্দেশ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে আবেদন করেছেন শেখ হাসিনা। তবে দেশে ফিরতে হলে তাঁকে আসামি হিসেবে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছে দুদক।