আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে, ক্ষমতার বাইরে থাকলেও হত্যা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।
রবিবার (২২ নভেম্বর) বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ জাতীয় পর্যায়ে যে তাণ্ডব ও সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা করেছিল, তা এখন টুঙ্গিপাড়াকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ এখনো লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দুই নেতাকর্মীকে হত্যার অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে চাইলে অতীতে সংঘটিত সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করতে হবে। বিএনপি ভোট ডাকাতির মাধ্যমে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে।
দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, থানায় আটক কোনো আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে বিএনপির কেউ তদবির করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে একই দিন বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এম জহির উদ্দিন স্বপন এমপি।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টুসহ স্থানীয় নেতারা।




