বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং এক তরুণীর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তবে ঘটনার রাতের পুরো চিত্র এখনো পরিষ্কার হয়নি। বিশেষ করে টঙ্গীর মাজারবস্তি এলাকায় তাহসিফের সঙ্গে শেষ পর্যন্ত কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজারবস্তি এলাকার একটি মাঠে স্থানীয় মাদকসেবী ও কারবারিদের উপস্থিতি ছিল। সেখানে তাহসিফ হেরোইন চেয়েছিলেন এবং পরে মাদক গ্রহণ করেন। এরপর তিনি স্বাভাবিক আচরণের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে দাবি দীপের। ওই সময় পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখতে পেয়ে দুজন দুই দিকে দৌড়ে পালান। দীপ নদীর তীরে বিআইডব্লিউটিএর একটি পিলারের কাছে আশ্রয় নেন। পরে তাহসিফের সঙ্গে তার আর দেখা হয়নি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার আগে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও ওই তরুণী একসঙ্গে সময় কাটান। রাত ১০টা ১৭ মিনিটে সেখানে প্রবেশের পর প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারা। রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।
দীপের বক্তব্য অনুযায়ী, বারে অবস্থানের সময় তাহসিফের সঙ্গে ওই তরুণীর অন্য এক যুবকের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই যুবকের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠতা এবং একসঙ্গে মাদক গ্রহণের বিষয়টি তাহসিফ জানতে পেরেছিলেন বলে দাবি করেন দীপ। এ নিয়ে তরুণীকে বিভিন্ন প্রশ্ন করেন তিনি। একপর্যায়ে মন খারাপ করে গান বাজানোর অনুরোধও জানান তাহসিফ।
জিজ্ঞাসাবাদে দীপ আরও বলেন, ওই রাতে তিনজনই বিয়ার পান করেছিলেন। একপর্যায়ে তাহসিফ তরুণীকে উদ্দেশ করে হেরোইন গ্রহণের ইচ্ছার কথা জানান। তবে তরুণী তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাহসিফ তাকে বারে বিয়ার পান করতে অভ্যস্ত করে তুলেছিলেন।
তদন্তের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট এলাকার বাসা থেকে বের হন তাহসিফ। পরে তারা একটি মোটরসাইকেলের গ্যারেজে যান। সেখান থেকে এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার বিভিন্ন স্থানে ঘোরেন এবং কয়েক দফা সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান।
রাত ১২টার দিকে নেস্ট বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে নিজের মোটরসাইকেলে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসায় পৌঁছে দেন। দীপও নিজের মোটরসাইকেলে তাদের পেছনে যান। এরপর তাহসিফ ও দীপ টঙ্গীর মাজারবস্তি এলাকার দিকে রওনা হন।
দীপের ভাষ্য অনুযায়ী, রাত ১২টা ৪০ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছান। মোটরসাইকেল রেখে একটি গলি দিয়ে তুরাগ নদের তীরবর্তী মাঠের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন নারী তাদের ওই দিকে যেতে নিষেধ করেন। সেখানে অভিযান চলছে বলে জানালেও তাহসিফ বিষয়টি গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে যেতে বলেন।
পরে পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তারা পালিয়ে যান বলে দীপ দাবি করেছেন। দীপের ভাষ্য, পুলিশের কাছে নিজের পরিচয় দিয়ে জানান, তিনি ক্যাপ্টেন তাহসিফের সঙ্গে এসেছেন। এরপর তাকে চলে যেতে বলা হয়। মাঠ থেকে বেরিয়ে আসার পর তাহসিফের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য তার কাছে নেই।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তদন্তকারীরা জানতে পেরেছেন, রাত ১টা ৫ মিনিটের দিকে পুলিশের আট সদস্যের একটি টহল দল মাঠে প্রবেশ করে। প্রায় ১৫ মিনিট পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। একই সময় দীপকে একা হেঁটে বস্তির দিকে ফিরতে দেখা যায়। পরে তিনি মোটরসাইকেল নিয়ে মোহাম্মদপুরের বাসার উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে বাসায় পৌঁছান তিনি।
তবে দীপের বক্তব্যের সব তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় তার ও তরুণীর দেওয়া জবানবন্দি মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তাদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি উত্তরার ওই রেস্টুরেন্টের ব্যবস্থাপক ও দুই ওয়েটারের বক্তব্য নেওয়া হয়েছে। আসামিদের মোবাইল ফোনের তথ্যও বিশ্লেষণ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি ঘটনার রাতে মাঠে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের বক্তব্যও পরীক্ষা করা হচ্ছে।
তিনি জানান, তাহসিফের মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সময় তিনি মাদকাসক্ত ছিলেন কি না, তা জানতে ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার ফলাফল মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নাকি পুলিশের উপস্থিতিতে পালানোর সময় দুর্ঘটনাবশত নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি সাঁতার জানার পরও কেন পানির ওপর উঠে আসতে পারেননি, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ময়নাতদন্ত, ভিসেরা ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।