মেয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচারিক প্রক্রিয়ায় রায় পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি দ্রুততম বিচারের একটি রায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। আদালত এ মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।
রায়ের পর আবদুল হান্নান মোল্লা বলেন, দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্ট। তবে রায়ের বিস্তারিত জেনে পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় ঠিক করবেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই বাসার বাসিন্দা সোহেল রানা পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন।
পরে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।