রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রবিবার ১৫ নভেম্বর আদেশ জারি হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরি আইন অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকেই তাঁর সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে ১৫ নভেম্বর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের কার্যালয়ে নেওয়া হয়।