দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩০৭ জনের। মৃতদের মধ্যে ১৫২ জন পুরুষ এবং ১৫৫ জন নারী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৩২৯ জন পুরুষ, যা মোট রোগীর ৬১ দশমিক ৪ শতাংশ। নারী রোগী ৮৩৭ জন, যা ৩৮ দশমিক ৬ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ বেশি। এর মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী ৩১২ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (ঢাকা মহানগরীর বাইরে) বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ৪৮৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৯৮, চট্টগ্রামে ২৮৭, রাজশাহীতে ২৫৩ এবং বরিশালে ২৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৪৭ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ১৮ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ হাজার ১৩৪ জন ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৭৭৪ জন এবং মারা যান ১৪৮ জন। অক্টোবরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন, মৃত্যু হয়েছে ৬২ জনের।
বছরের শুরুতে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮১ জন। ফেব্রুয়ারি ও মার্চে এ সংখ্যা কমে যথাক্রমে ৪০৯ ও ৩৫৩ জনে দাঁড়ায়। এরপর সংক্রমণ বাড়তে থাকে। জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন।