হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমান ভাড়া হ্রাস করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই হজের বিমান ভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
তিনি জানান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হজযাত্রীদের ব্যয় কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও সদিচ্ছায় দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মসজিদের ধর্মীয় ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা আর্থিকভাবে উপকৃত হবেন।
বক্তব্যের একপর্যায়ে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি বিশেষ আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চান।
মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
এতে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখেন। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।