দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন। গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।
এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।




